জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত ডি-৮-এর উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে এ আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘ফ্রম ইস্তাম্বুল টু আনতালিয়া: ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এ অধিবেশনে জলবায়ু সংকট মোকাবিলায় সদস্যদেশগুলোর যৌথ উদ্যোগ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
অধিবেশনে বাংলাদেশ জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতার জন্য আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বেশ কিছু সংশোধনী প্রস্তাব তুলে ধরে। এতে ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা, বিশেষজ্ঞদের সমন্বয়ে কারিগরি দল গঠন এবং ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট শক্তিশালী করা, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি। পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি, নবায়নযোগ্য জ্বালানি ও চক্রাকার অর্থনীতির বিকাশে সরকারের অগ্রাধিকারের কথা জানানো হয়।
প্রস্তাবিত কর্মপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে জলবায়ু অভিযোজন, কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ন্যায্য জ্বালানি রূপান্তর, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের নিজস্ব চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প গ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়। বিশেষ করে অভিযোজন কার্যক্রমে অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে উপযোগী প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়।
বর্জ্য ব্যবস্থাপনায়ও সদস্যরাষ্ট্রগুলোর যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ। বর্জ্য উৎপাদন কমানো, উৎস পর্যায়ে পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ বাড়ানোর পাশাপাশি কম্পোস্ট ও বায়োগ্যাস উৎপাদনে যৌথ পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার প্রস্তাব করা হয়। জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও বর্জ্যকর্মীদের জীবিকার বিষয় বিবেচনায় রেখে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের কথাও বলা হয়।
প্রস্তাব বাস্তবায়নে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সদস্যরাষ্ট্রগুলোকে কারিগরি দলে প্রতিনিধি মনোনয়নের আহ্বান জানানো হয়েছে। একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম সভা আয়োজন এবং সহযোগিতা প্ল্যাটফর্মের কার্যপরিচালনা কাঠামো চূড়ান্ত করার প্রস্তাবও তুলে ধরে বাংলাদেশ।
অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, সরকারের উদ্যোগ এবং আনতালিয়া কর্মপরিকল্পনায় প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন করেন।
এতে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং কপ৩১ সভাপতি মুরাত কুরুম, ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদসহ সদস্যরাষ্ট্রগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।