জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
গতকাল তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়ানা আকোনসিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের জলবায়ু মোকাবিলার পরিকল্পনা তুলে ধরে জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সময়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির গাছ।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার বায়ুদূষণ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘূর্ণিঝড় সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবও তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানির সংকট মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়নে ইইউর জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রয়োজন।
বৈঠকে ইইউ প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সামষ্টিক পরিমাণগত লক্ষ্য বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। ২০২৮ থেকে ২০৩৪ সালের প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য খাতে ৫০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
ইইউ প্রতিনিধি আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত পরামর্শ সহায়তা কর্মসূচির জন্য নির্বাচিত তিনটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। এ কর্মসূচির আওতায় জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প তৈরি ও প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে ইইউ সহযোগিতা করছে। উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবটি ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি ইউরোপীয় কোম্পানির অংশগ্রহণ এবং ইইউর গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনাও যাচাই করা হবে।