রাজধানীর হাতিরঝিলে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া রান ২০২৬’। ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ছুটি গ্রুপ। লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেবেন।
এ উপলক্ষে রাজধানীর গুলশানে ছুটি গ্রুপের কার্যালয়ে আয়োজক প্রতিষ্ঠান বি ওয়াই কমিউনিকেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ছুটি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এবং বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ রান আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ৭ দশমিক ৫ কিলোমিটার ও ২ কিলোমিটার—দুটি বিভাগে অংশ নিতে আগামী ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আগামী ২৮ নভেম্বর সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে মূল দৌড় ও ফান রান শুরু হবে। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি অপেশাদার দৌড়বিদরাও এতে অংশ নেবেন। আয়োজনকে প্রাণবন্ত করতে থাকবেন ইনফ্লুয়েন্সার, অতিথি দৌড়বিদ, রেস মার্শাল ও পেশাদার পেসাররা।
আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে এনবিএ, টেকনিক্যাল পার্টনার ইউসিআর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপ সাইট বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো এবং ক্রিয়েটিভ পার্টনার সিআরডি নিউজ। কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মেভ অটোমোবাইলস, স্টাইলিশ গার্মেন্টস, এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড ও আজম ওভারসীজ।
এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে অংশগ্রহণকারীদের জন্য থাকছে র্যাফেল ড্র। এর মাধ্যমে দেশি-বিদেশি এয়ারলাইন্সের টিকিট জয়ের সুযোগ পাবেন নির্বাচিত অংশগ্রহণকারীরা।
বি ওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিন জানান, আয়োজনটিকে শুধু দৌড়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য পদকের ছবি নিয়ে বিশেষ ফটো কনটেস্টেরও আয়োজন করা হবে।




