ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে মিরপুরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে মিরপুর ১১, ১২ নম্বর এবং প্রশিকা মোড় এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শ্রমিকেরা সকাল থেকে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা জানান, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে গাড়ি চলাচল সচল রাখতে ডাইভারশন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। দুপুরে তারা মিরপুর ১০ নম্বর এলাকা ছেড়ে শাহ আলী এলাকায় অবস্থান নেন। সেখানে একটি কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে একটি পোশাক কারখানা ও বিপণিবিতানে ভাঙচুরের ঘটনা ঘটে। বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ নামের আরেকটি পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।




