রাজধানীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলায় চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।
মিরপুর রোড, আসাদ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। অনেক স্থানে দীর্ঘ সময় আটকে থাকে যানবাহন।
মঙ্গলবার বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। ঢাকার আশপাশের এলাকা থেকেও পিকআপ ভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলে কর্মসূচিতে যোগ দিতে আসেন অনেকে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের লেন ঘেঁষে এসব যানবাহন পার্ক করে রাখতে দেখা যায়। অতিরিক্ত যানবাহনের চাপ ও মিছিলের কারণে সড়কে গতি কমে যায়।
যানজটে পড়ে অনেককে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। কেউ কেউ দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকার পর নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরে মোটরসাইকেলে যেতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে বলে জানান এক যাত্রী। অন্যদিকে, সোবহানবাগ থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে পৌঁছাতে এক ঘণ্টা লেগেছে বলে জানান আরেক কর্মকর্তা।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. ওমর আলী জানান, লেক রোডে যুবদলের কর্মসূচি এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে সকাল থেকে যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করেছে।
তিনি বলেন, দুপুর ২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। বিকেলের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।




