বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল (ই/এম) প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম দেওয়ার অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেবিচকের কার্যালয়ে এ অভিযান শুরু হয়। দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান পরিচালনা করছে।
দুদক সূত্রে জানা গেছে, ই/এম প্রকল্পের আওতায় ঠিকাদারদের বিল পরিশোধের সময় ১০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ রয়েছে। এ ছাড়া ভুয়া বিল ও ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং কর্মকর্তা-কর্মচারীদের ঘুষের বিনিময়ে অতিরিক্ত কর্মঘণ্টা বা ওভারটাইম সুবিধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে দুদকের দল বেবিচক কার্যালয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করছে। অভিযানের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




