নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ফরিদপুরের মধুখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) মধুখালীর আখচাষী কল্যাণ সংস্থা ভবনের দ্বিতীয় তলায় মহিলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির মধুখালী সাংগঠনিক জেলা শাখা আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিভিন্ন দাবি ও কর্মসূচি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রেবেকা সুলতানা, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রেশমা আক্তার, অর্থ সম্পাদক রুমা সুলতানা, প্রোগ্রাম এক্সিকিউটিভ ফর ব্রান এল জেসমিন ইসলাম, সদস্য আফরোজা আক্তার পারভিন ও রোজা ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করে নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।




