সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের উত্তর খাসকাউলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. বহুলুল বেপারি এখন এলাকার অনেকের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। একসময় সংসার চালাতে হিমশিম খাওয়া এই ব্যক্তি হাঁসের খামার গড়ে তুলে স্বাবলম্বী হয়েছেন। হাঁস পালন বদলে দিয়েছে তার জীবনের চাকা।
বহুলুল বেপারি জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে প্রায় এক বছর আগে হাঁসের খামার গড়ে তোলেন তিনি। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে খামার শুরু করেন। মেয়ের জামাইয়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সী ৯৪১টি হাঁসের বাচ্চা দিয়ে যাত্রা শুরু করেন। এর মধ্যে ২৭৫টি হাঁস মারা গেলেও বর্তমানে খামারে রয়েছে ৬৬৬টি হাঁস। এর মধ্যে ২২টি পুরুষ ও ৪৪৪টি ডিমপাড়া হাঁস রয়েছে।
তিনি জানান, ডিমপাড়া হাঁস থেকে প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম পাওয়া যায়। প্রতিটি ডিম বাজারে ১৫ থেকে ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে। কখনো কখনো প্রতি খাঁচি ডিম ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়। খামারে উৎপাদিত ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন হাটবাজারে সরবরাহ করা হচ্ছে।
খামারি বহুলুল বেপারি বলেন, হাঁসের খামার তার জীবন বদলে দিয়েছে। তিন ছেলে-মেয়ের পড়াশোনার খরচসহ সংসারের যাবতীয় ব্যয় এখন খামারের আয় থেকেই চলে। তার স্ত্রী মরজিনা বেগম বলেন, খামারটি তাদের সংসারে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাসকাউলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বছরের একটি বড় সময় বৃষ্টির পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে এখানকার জলাশয়, খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল। ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনা রয়েছে তার।
স্থানীয় আব্দুল খালেক ও ওমর আলী জানান, বহুলুলের উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের মতে, সহজ শর্তে ঋণ ও সঠিক পরামর্শ পাওয়া গেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও সম্প্রসারিত হতে পারে।
চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের ভালো সুযোগ রয়েছে। অল্প পুঁজি ও তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। হাঁসের ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি এটি বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য সম্ভাবনাময় কর্মসংস্থান।
তিনি আরও বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান কর্মসূচি ও আধুনিক ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা দেওয়া হয়। সঠিক পরিচর্যা, মানসম্মত খাবার ও সময়মতো রোগ প্রতিরোধের ব্যবস্থা নিলে হাঁস পালন আরও লাভজনক হবে।