জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শম্পা সুলতানা। ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আওতায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শম্পা সুলতানার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে শুরু হওয়া কয়েক ধাপের মূল্যায়ন শেষে সারাদেশ থেকে ১৮ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। মূল্যায়ন প্রক্রিয়ায় বিভাগীয় পর্যায়ের কর্মসূচি, ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি), অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ ১৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আলমগীর হোসেন এবং মন্ত্রিপরিষদ বিভাগের শীলা তাসনিম হক।
এদিকে ঝিনাইদহ মানবপাচার প্রতিরোধ নেটওয়ার্কের সদস্য শম্পা সুলতানার এ অর্জনে নেটওয়ার্কের সভাপতি ও সম্পাদক তাকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জাতীয় স্বীকৃতি তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবার মানোন্নয়ন এবং নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উদ্যোক্তাদের উৎসাহিত করবে।




