পাবনার ঈশ্বরদীতে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রার এমন পতনে অগ্রহায়ণের শুরুতেই জনপদজুড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ভোররাত থেকে বয়ে চলা ঠাণ্ডা বাতাস ও কুয়াশায় শীতের অনুভূতি বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ ও কৃষকরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি। এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে দুই দিনে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৬ ডিগ্রি।
হঠাৎ শীতের এমন আগমনে বুধবার সকালে অনেককে গরম কাপড় জড়িয়ে কর্মস্থল ও গন্তব্যে যেতে দেখা গেছে। সকাল থেকেই মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। ঠাণ্ডা বাতাস ও কুয়াশার কারণে সকালবেলার স্বাভাবিক কর্মচাঞ্চল্যেও কিছুটা প্রভাব পড়েছে।
শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষিশ্রমিকরা। জীবিকার তাগিদে ঠাণ্ডা উপেক্ষা করেই তাঁদের মাঠে যেতে হচ্ছে। কেউ উঠতি আমন ধান কাটছেন, আবার কেউ ব্যস্ত আখ কাটার কাজে।
ঈশ্বরদীর ভাড়ইমারি গ্রামের দিনমজুর মনসুর আলী বলেন, ‘শীত এখনো পুরোপুরি নামেনি, তবে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে। ফজরের সময় শীত বেশি লাগে। শীত এলে আমাদের মতো বয়স্ক মানুষের কষ্ট বেড়ে যায়।’
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুজ্জামান জানান, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে। পাশাপাশি কুয়াশার পরিমাণও বেড়েছে।




