রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই নারীর মরদেহ চার টুকরা অবস্থায় পাওয়া যায়। এ সময় তাঁর স্বামীকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পরকীয়া নিয়ে সন্দেহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে রোববার রাতে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহত শিরিনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে। তার বাবার নাম মৃত সোহরাব আলী। তার এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।