রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে এক দিনে ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৩, লালবাগে ৫৯, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৪৫, তেজগাঁওয়ে ৬৬, মিরপুরে ১৩৯, গুলশানে ৪৪ এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে দুজনকে।
অভিযানে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল ও সাতটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার ৩০৭ পিস ইয়াবা ও ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা। এ ছাড়া একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৯০০ টাকা এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।