প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাঊদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, কোনো রাষ্ট্রদূতকে কখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হবে, তা মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। কখন কোন অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে, সেটা মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত।”
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কথা রয়েছে। এর আগে গত ২২ অক্টোবর জানা যায়, রাষ্ট্রদূত দাঊদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর সফরের সময় তিনি টোকিওতে থাকছেন না। এদিকে সফরের কূটনৈতিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে জাপানে পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তিনি ইতিমধ্যে টোকিও পৌঁছেছেন।
জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকেই দুই দেশের সম্পর্ক রয়েছে, যা বর্তমানে আরও গভীর হয়েছে। বিএনপি সরকারের সময়ে এ সম্পর্ক আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। সফরের মাধ্যমে জাপানি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ইনভেস্টের মাধ্যমে আরও জাপানি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘ন্যাশনাল পজিশন পেপার আনভেইলিং অ্যান্ড ডায়লগ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশনএইড।