বন্যা, খরা ও তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক নিরাপত্তা বাড়াতে নতুন বীমা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে প্যারামেট্রিক বীমার জন্য নির্দিষ্ট নীতিমালা ও অভিন্ন মানদণ্ড তৈরি করা হচ্ছে।
সোমবার এক কর্মশালায় আইডিআরএ চেয়ারম্যান জানান, বিশ্বব্যাংকের সহায়তায় যমুনা সাসটেইনেবল রিভার প্রকল্পের আওতায় তিন বছর মেয়াদি পরীক্ষামূলক বন্যা বীমা কার্যক্রম চলছে। এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এ ধরনের বীমা দেশজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্যারামেট্রিক বীমায় সরাসরি ক্ষয়ক্ষতি পরিমাপের পরিবর্তে পানির উচ্চতার মতো পূর্বনির্ধারিত সূচকের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হয়। যমুনা প্রকল্পে এ কাজে পানি উন্নয়ন বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া নতুন বীমা পণ্য যাচাইয়ের জন্য আইডিআরএ রেগুলেটরি স্যান্ডবক্স চালু করেছে। এর মাধ্যমে তাপপ্রবাহসহ জলবায়ুজনিত বিভিন্ন ঝুঁকির বীমা পরীক্ষা করা হবে। উদ্যোগগুলো সফল হলে বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি তহবিলের মাধ্যমে এসব বীমা সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।