দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে প্রথম কাজ দিয়েই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার প্রত্যাবর্তনের নাটক ‘অংশীদার’ অল্প সময়েই পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা।
ইকসান রনির পরিচালনায় নির্মিত নাটকটি গত শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মুক্তির পর থেকে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। এখন পর্যন্ত নাটকটির ভিউ ১৫ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।
গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন তানিয়া। অসুস্থতার কারণে দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি তিনি। ‘অংশীদার’ দিয়েই নতুন করে অভিনয়জগতে পথচলা শুরু করলেন এই অভিনেত্রী।
নাটকটির গল্পে উঠে এসেছে নারীর সম্পত্তির অধিকার, পারিবারিক বৈষম্য, আত্মসম্মান এবং অন্যায়ের প্রতিবাদ করার বিষয়গুলো। সমাজের পরিচিত বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত গল্পটি দর্শকদের আবেগ ছুঁয়েছে। বিশেষ করে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নারীদের বঞ্চনার চিত্র অনেক দর্শককে নিজেদের জীবনের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছে।
নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। কেউ গল্পের সঙ্গে ব্যক্তিগত জীবনের মিল খুঁজে পেয়েছেন, আবার কেউ নারীর অধিকার নিয়ে এমন বিষয় তুলে ধরায় নির্মাতাদের প্রশংসা করেছেন।
তবে নাটকের গল্পের পাশাপাশি আলোচনায় রয়েছেন তানিয়া বৃষ্টিও। দীর্ঘদিন পর তাকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। তার সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশাও জানিয়েছেন অনেকে।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
নাটকটির সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরিচালক। তার ভাষ্য, সমাজের বাস্তব একটি চিত্র তুলে ধরার লক্ষ্যেই ‘অংশীদার’ নির্মাণ করা হয়েছে। বিশেষ করে নারীর ন্যায্য অধিকার ও মর্যাদার বিষয়টি দর্শকদের সামনে আনতে চেয়েছেন তারা। অল্প সময়ের মধ্যে দর্শকের এমন সাড়া পুরো নির্মাণ দলের জন্য অনুপ্রেরণা।
তানিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইকসান রনি বলেন, আগেও তার সঙ্গে কাজের পরিকল্পনা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তখন তা সম্ভব হয়নি। পরে নতুন করে যোগাযোগ হলে ‘অংশীদার’-এর গল্প শুনে তানিয়া নিজেই অভিনয়ের আগ্রহ দেখান।
শুটিংয়ের আগে দুই দিন প্রস্তুতিও নিয়েছিলেন অভিনেত্রী। পরিচালকের মতে, কাজে ফেরার ব্যাপারে তার আগ্রহ ছিল প্রবল। পর্দায়ও সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে।
সব মিলিয়ে ‘অংশীদার’ দিয়ে তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন পেয়েছে দর্শকপ্রিয়তার স্বীকৃতি। অভিনয়ে তার নতুন পথচলা ঘিরে এখন ভক্তদের প্রত্যাশাও বাড়ছে।