সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও তিন শিশু। হাম সন্দেহে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিহতদের দুজন সুনামগঞ্জের এবং অন্যজন মৌলভীবাজারের বাসিন্দা। তাদের বয়স ৯ মাস থেকে ১৪ মাসের মধ্যে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৪ মাস বয়সী মুনতাহা জান্নাত ফারিহার মৃত্যু হয় ২২ নভেম্বর। পরদিন মারা যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারের ৯ মাস বয়সী বর্ষণ। একই দিনে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক বছর বয়সী প্রিয়নশি দাস। তিন শিশুই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব বলছে, সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মৃতের সংখ্যা এখন ২২৯। এর মধ্যে ২১৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহভাজন হাম নিয়ে এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে, ১০১ জন। সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বিভাগজুড়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৪০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৫৫০ জন।
শিশুদের মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনায় সিলেটের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের সুরক্ষায় সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।