ধর্মীয় আবহ, প্রার্থনা আর পুণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় সম্পন্ন হয়েছে আড়াইশ বছরের পুরোনো রাস উৎসবের প্রধান আয়োজন। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকত।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় রাস পূর্ণিমার পুণ্যস্নান। সাগরের জলে অবগাহনের মধ্য দিয়ে উৎসবের প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ আয়োজনে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে সমবেত হন হাজারো ভক্ত।
স্নানের আনুষ্ঠানিকতা শুরুর আগে সমুদ্রের উদ্দেশে ফুল, বেলপাতা, দুর্বা, মোমবাতি, আগরবাতি, ফলমূল ও সিঁদুর নিবেদন করেন নারীরা। কেউ কেউ প্রয়াত স্বজনদের স্মরণে পিণ্ডদান করেন এবং মানত পূরণের অংশ হিসেবে মাথা মুণ্ডন করেন। ভক্তদের উলুধ্বনি ও মন্ত্রোচ্চারণে সৈকতজুড়ে তৈরি হয় ধর্মীয় উৎসবের পরিবেশ।
পুণ্যার্থীদের বিশ্বাস, রাস পূর্ণিমার বিশেষ ক্ষণে পূজা ও স্নানের মাধ্যমে আধ্যাত্মিক পুণ্য অর্জন করা যায়। এই বিশ্বাসকে ধারণ করেই প্রতিবছর কুয়াকাটায় ছুটে আসেন তাঁরা।
সাগরে স্নান শেষে ভক্তরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন। এর আগে সোমবার রাতজুড়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন, ধর্মীয় নৃত্য ও পূজার্চনা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের পুরোহিত নির্মল চক্রবর্তী জানান, রাস পূর্ণিমায় গঙ্গাস্নানকে পুণ্য অর্জনের বিশেষ ধর্মীয় আচার হিসেবে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। কুয়াকাটায় স্নান সম্পন্ন করে অনেকে মদনমোহন সেবাশ্রমে স্থাপিত রাসকুঞ্জ প্রদক্ষিণ ও প্রার্থনায় অংশ নেন।
কুয়াকাটায় মূল আয়োজন শেষ হলেও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে উৎসবের কার্যক্রম আরও তিন দিন চলবে। আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাধা-কৃষ্ণের প্রেমলীলা স্মরণে কার্তিক মাসের পূর্ণিমায় রাস উৎসব পালিত হয়ে আসছে। দ্বাপর যুগের ধর্মীয় উপাখ্যানের সঙ্গে যুক্ত এ আয়োজন সত্য ও সুন্দরের আরাধনার প্রতীক হিসেবে বিবেচিত। দীর্ঘ আড়াই শতাব্দী ধরে কুয়াকাটায় এই উৎসব পালিত হওয়ায় এটি দেশের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের স্বতন্ত্র পরিচিতি পেয়েছে।




