দক্ষিণাঞ্চলে দিন দিন কমছে আবাদি জমির পরিমাণ। নগরায়ণ, লবণাক্ততা ও নদীভাঙনের কারণে কৃষিজমি হারাচ্ছেন কৃষকরা। এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, ঝড়-ঝঞ্ঝা, খরা, অতিবৃষ্টি, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ কৃষি খাতকে বাড়তি ঝুঁকিতে ফেলছে। গত পাঁচ বছরে বরিশাল অঞ্চলে আবাদি জমি কমেছে ২৪ হাজার হেক্টর। তবে জমির পরিমাণ কমলেও আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের ফলে ফসল উৎপাদন বেড়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণাঞ্চলে আবাদি জমির পরিমাণ ৮ লাখ ১৪ হাজার ৯৬৮ হেক্টর। এর বাইরে অনাবাদি রয়েছে প্রায় ৩২ হাজার হেক্টর জমি। আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতির ব্যবহারে একই জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হচ্ছে। এতে খাদ্য উদ্বৃত্ত বেড়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন।
বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরায়ণ ও বসতবাড়ির আশপাশের জমি কাজে লাগিয়ে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব। ছাদবাগান, বাড়ির আঙিনায় সবজি চাষ এবং আধুনিক সেচব্যবস্থা চালুর মাধ্যমে অনাবাদি জমিকেও উৎপাদনের আওতায় আনা যেতে পারে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, নগরায়ণকে কৃষির আওতায় আনার সুযোগ রয়েছে। পরিকল্পিত নগরায়ণ কৃষির জন্য আশীর্বাদ হতে পারে। ভবনের ছাদে বাগান করার পাশাপাশি বাড়ির আঙিনা পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলে নতুন নতুন চর জেগে ওঠায় কোথাও কোথাও কৃষিজমির পরিমাণও বাড়ছে। বসতবাড়িকে কৃষির জন্য প্রতিবন্ধকতা মনে করার কারণ নেই। বাড়ির আঙিনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য সোলার ব্যবস্থার মাধ্যমে সেচ, বস্তার পরিবর্তে উপযোগী ব্যাগে চাষাবাদ এবং বাড়িতে ছোট নার্সারি গড়ে তোলার পরামর্শ দেন তিনি। দেশীয় পদ্ধতির সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন এই কৃষিবিদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার বলেন, গবেষণার মাধ্যমে উচ্চফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে ফসল উৎপাদন বেড়েছে। ভবিষ্যতেও গবেষণার ধারাবাহিকতা বজায় রেখে উন্নত জাতের ফসল কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। এতে সীমিত জমি থেকেই অধিক উৎপাদন সম্ভব হবে।




