রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পরপর দুই দিন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পবা-২ বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, রাতের দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রের কার্যালয়ে প্রবেশ করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিস্ফোরণে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়। প্রথম দিন দুজনের পরিবর্তে পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি পুলিশ প্রশাসনকে টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
তিনি বলেন, হামলার সময় কর্মীরা পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তারপরও দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির জানান, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ ঢাকা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিজেদের নিরাপদ মনে করছেন না।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিনের ঘটনায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।