জামালপুরের দেওয়ানগঞ্জে উৎসবমুখর পরিবেশে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। নতুন মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মিল প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু এবং জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইমরান হোসেনসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা দেশের চিনি শিল্পকে লাভজনক ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জিল বাংলা সুগার মিলস এ অঞ্চলের হাজারো আখচাষির জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মিলের উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের সময়মতো আখের মূল্য পরিশোধ, উন্নত জাতের বীজ ও সার সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
বিএসএফআইসি চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আখচাষিদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে মিলের কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও এ. ই. সুলতান মাহমুদ বাবু এবং বিএসএফআইসি চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ। এ সময় মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক আখচাষি উপস্থিত ছিলেন।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৮৬ দিনে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে ২০২৫-২৬ মৌসুমে ৮৪ দিনে ৮৪ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল জিল বাংলা চিনিকল।




