মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, প্রযুক্তির অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদকের কারণে তরুণ প্রজন্মের একটি অংশ বিপথগামী হচ্ছে। এ পরিস্থিতি থেকে তাদের ফিরিয়ে আনতে খেলার মাঠমুখী করতে হবে। একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।
শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গোয়াটিকরে ১১তম ফ্রেন্ডস সোসাইটি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়েস লোদী বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধও গড়ে তোলে। তরুণরা মোবাইল ফোনের আসক্তি ও জুয়ার নেশা ছেড়ে খেলার মাঠে সময় দিলে সমাজে অপরাধপ্রবণতা কমে আসবে।
তিনি এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে আয়োজনের জন্য ফ্রেন্ডস সোসাইটিকে ধন্যবাদ জানান। ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বাবর আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মো. লুৎফর রহমান, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব মো. জামাল আহমদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সাহেদ আহমদ আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, যুক্তরাজ্যপ্রবাসী মো. মারুফ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মো. ইকবাল হোসেন মিন্টুসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি টুর্নামেন্টের সফলতা কামনা করেন।