ঢাকার সাভারে নাশকতার প্রস্তুতির অভিযোগে শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হানিফ পরিবহনের স্টিকার ও রং ব্যবহার করে তৈরি একটি নকল বাস জব্দ করা হয়েছে। বাসটি থেকে পেট্রোল, মশাল, ব্যানার-ফেস্টুনসহ অগ্নিসংযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীব। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যানার-ফেস্টুন ও মশালসহ হানিফ পরিবহনের আদলে তৈরি বাসটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান।
পরে পুলিশ বাসটির পিছু নেয়। বলিয়াপুর এলাকায় সড়কে বেরিকেড দেওয়া হলেও বাসটি সেখানে আটকানো সম্ভব হয়নি। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় গাড়ি দিয়ে পথ আটকে বাসটি আটক করে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। পরে ট্যানারি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হানিফ পরিবহনের স্টিকার ও একই ধরনের রং ব্যবহার করে বাসটি তৈরি করা হয়েছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে এই বাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় মশাল মিছিল, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
তিনি জানান, বাসটির মালিক শ্রমিক লীগ নেতা রুবেল হাওলাদার। বাসটি থেকে নাশকতায় ব্যবহারের জন্য রাখা পেট্রোল, মশাল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদে বাসে থাকা অন্য ব্যক্তিদের এবং এসব ঘটনার পরিকল্পনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।




