গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র ও মুকসুদপুর থানা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনায় তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনার সঙ্গে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও পুলিশ হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার বক্তব্য ও আচরণে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।