রংপুরের কাউনিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফখরুল আলম রতন (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে আবদার আলীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রতন ওই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মতিয়ার তৌসিলদারের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা নয়নের বড় ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম পাঁজরে আঘাত করে। পরে হাফেজ মো. আরিফুল ইসলাম নামে এক অটোরিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, রতন একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তবে কোন মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন, তা নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি দাবি করেন, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার রায় মণ্ডল হাসপাতালে যান এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। রাতে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। নিহত রতন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।