শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়ামে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
ইউএনও বলেন, পূজা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে চলমান অভিযান আরও জোরদার করা হবে। তিনি সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন ইউএনও।