বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন পুড়ে গেছে। এতে পাসপোর্টের আবেদন গ্রহণ, ছবি তোলা ও পাসপোর্ট বিতরণসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সেবা নিতে এসে ফিরে গেছেন অনেক আবেদনকারী।
অফিস সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মকর্তারা আগুনের বিষয়টি জানতে পারেন। পরে দ্রুত সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে সার্ভার, কম্পিউটার, অন্যান্য যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে এভিআর মেশিনে আগুন লাগে। লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে অতিরিক্ত লোড সৃষ্টি হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত মেশিনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। মেরামত শেষ হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি এবং শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এ সময় অফিসের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।