কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে থাকা ৫৬ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে উদ্ধার ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
 বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এ সময় সশস্ত্র পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়। এতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। আটক পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ৫৭ জনকে উদ্ধারের তথ্য দেওয়া হলেও পরবর্তী যাচাইয়ে তাদের মধ্যে একজনকে মানবপাচারকারী চক্রের দালাল হিসেবে শনাক্ত করা হয়। ফলে প্রকৃত জিম্মির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
এদিকে, অভিযানে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পাহাড়ে মানবপাচারকারীদের ঘাঁটি সম্পূর্ণ উচ্ছেদ করতে আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।