বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৩২টি পাড়ার মানুষের দীর্ঘদিনের পানির কষ্ট কমাতে চালু করা হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর বাস্তবায়নে এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে নিরাপদ পানির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার থিংকুপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, এনডিসি, পিএসসি।
সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এতে পাহাড়ি ঝিরি থেকে প্রায় সাড়ে ৯ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে আটটি আউটলেটের মাধ্যমে থিংকুপাড়াসহ ৩২টি জনপদে পানি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এর ফলে পাহাড়ি বাসিন্দাদের পানি সংগ্রহে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে দৈনন্দিন কাজে সময় ও শ্রম বাঁচার পাশাপাশি নিরাপদ পানির ব্যবহার বাড়বে। পানিবাহিত রোগের ঝুঁকি কমানো এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায়ও এটি সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সুপেয় পানির সংকট মোকাবিলায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সুফল সংশ্লিষ্ট ৩২টি পাড়ার বাসিন্দারা সরাসরি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
থিংকুপাড়ার কারবারী বিশ্ব ত্রিপুরা জানান, আগে গ্রামের মানুষকে ঝিরি ও ঝরনার পানি সংগ্রহ করে পান করতে হতো। শুষ্ক মৌসুমে পানির উৎস শুকিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হতো। এখন পাইপলাইনের মাধ্যমে গ্রামে পানি পৌঁছানোর ব্যবস্থা হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে। এ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।




