বরিশাল মহানগরীতে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা তল্লাশি এবং চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে কাউনিয়া থানার পুলিশ রোকেয়া আজিম সড়ক, টিভির মাঠ, ভাটিখানা বাকলার মোড় ও পান্থ সড়কসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিশেষ নজরদারি করা হয়।
অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আজিজ তালুকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ এবং মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নগরীতে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।




