বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয়দের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার সুবিধার্থে ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামে একটি জিপ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের কাছে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়। রুমা জোনের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি। তিনি ৩৬ বীরের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মুননুয়াম, আরথাহ, বাসাত্লং ও হ্যাপিহিল পাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যানবাহনের সংকটে ভুগছিলেন। বিশেষ করে বম, মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গম পাহাড়ি পথে চলাচল, কৃষিপণ্য বাজারে নেওয়া এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো কঠিন ছিল।
নতুন এই যানবাহন চালুর ফলে কয়েকটি পাহাড়ি পাড়ার মানুষের যোগাযোগের ভোগান্তি কমার পাশাপাশি কৃষি ও জরুরি সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।




