আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচল পর্যবেক্ষণে সড়কে বসানো হয়েছে সিসি ক্যামেরা। অভিযোগ, এই নজরদারির আড়ালেই দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল মাদকের ব্যবসা।
কুষ্টিয়ার কুমারখালীতে সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে মাদক কারবার পরিচালনার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় তার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে বসানো দুটি ক্যামেরা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও চলাচলের ওপর নজর রাখা হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্ত সোহেল রানা (৩২) যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে। তার বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একাধিকবার কারাগারে গেলেও জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সোহেলের বাড়িতে অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের একটি দল। অভিযানের বিষয়টি ক্যামেরার মাধ্যমে জানতে পেরে তিনি পালিয়ে যান। তবে বাড়ি থেকে ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী স্মৃতি খাতুনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সোহেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক লালন কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি পরিচয় ব্যবহার করেন তিনি। তার ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও পত্রিকাটির স্টিকার রয়েছে। বাড়িতে পত্রিকার আঞ্চলিক কার্যালয় থাকার পাশাপাশি তিনি উপজেলা প্রেসক্লাব কুমারখালীর সদস্য বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, একসময় কাঠের করাতকলে শ্রমিক হিসেবে কাজ করতেন সোহেল। পরে মাদক ব্যবসায় জড়িয়ে কারাদণ্ড ভোগ করেন। ২০১৯ সালে তৎকালীন সরকার কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীকে শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমা করে। স্থানীয়দের দাবি, ওই সুযোগ পাওয়ার পর সাংবাদিকতার পরিচয়কে কাজে লাগিয়ে তিনি মাদক কারবারের পরিধি বাড়ান।
এলাকাবাসীর ভাষ্য, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষের যাতায়াত রয়েছে তার বাড়িতে। সেখানে মাদক কেনাবেচা হয় বলে অভিযোগ তাদের। ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে চান না। এ পরিস্থিতিতে এলাকার তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিক অস্থিরতা তৈরি হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে কুমারখালী-পান্টি সড়কের জয়বাংলা বাজার এলাকায় সোহেলের বাড়ির প্রবেশপথে বিদ্যুতের খুঁটিতে দুটি সিসি ক্যামেরা দেখা যায়। বাড়ির গেট ভেতর থেকে বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে দৈনিক লালন কণ্ঠ পত্রিকার সম্পাদক আনারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সিসি ক্যামেরার মাধ্যমে অভিযানের খবর পেয়ে সোহেল পালিয়ে যান। তার বিরুদ্ধে আটটির বেশি মাদক মামলা রয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক কারবারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জেনেছেন তিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



