বরেন্দ্র অঞ্চলের কৃষিতে জ্বালানি সাশ্রয় ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎনির্ভর সেচব্যবস্থা সম্প্রসারণ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সংস্থাটির প্রায় ১৭ হাজার সেচযন্ত্র পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কৃষকের সেচ খরচ কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বাড়তি বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে।
বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনের দিকনির্দেশনা এবং নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে সৌরবিদ্যুৎ, নেট মিটারিং ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেচ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে চলছে।
এরই অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর মৌজায় সৌরশক্তিচালিত গভীর নলকূপ ও জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন বিএমডিএর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক। এ সময় তারা সৌরবিদ্যুৎ উৎপাদন, সেচযন্ত্র পরিচালনা, নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চলের কৃষির উন্নয়নে সেচসুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবহার, জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়ন ও সেচব্যবস্থা আধুনিকায়নে প্রায় ১৭ হাজার গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব নলকূপ সৌরবিদ্যুতে রূপান্তর করা সম্ভব হলে কৃষকের সেচ ব্যয় কমবে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, সেচের প্রয়োজন মেটানোর পর উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এতে বিএমডিএর বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ বাড়বে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই থেকে তিন দফা আলোচনা হয়েছে। কৃষকদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান, সংস্থাটির অধীনে বর্তমানে প্রায় ১৭ হাজার সেচযন্ত্র পরিচালিত হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে ৬৯২টি সেচযন্ত্রে সৌরায়ন সম্পন্ন হয়েছে এবং ২৫৩টিতে নেট মিটারিং ব্যবস্থা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সেচযন্ত্রগুলোও সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, সরকারি সম্পদের কার্যকর ব্যবহার এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচব্যবস্থাকে আরও আধুনিক করে ক্যাশলেস ও কার্ডলেস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সেচযন্ত্রের কার্যক্রম, বিদ্যুৎ ব্যবহার, সৌরবিদ্যুৎ উৎপাদন ও রাজস্ব আদায় পর্যবেক্ষণ করা হবে।
বিএমডিএ সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে চালু হওয়া স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচব্যবস্থায় এখন পর্যন্ত কৃষকদের মধ্যে প্রায় ছয় লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে ৯০০ জনের মতো ডিলার এবং ৭৮টি ভেন্ডিং স্টেশনের মাধ্যমে কৃষকরা সেচের অর্থ রিচার্জ করছেন। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এ সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ট্রান্সফরমার চুরি ঠেকাতে পর্যায়ক্রমে ১০ হাজার সেচযন্ত্রে আধুনিক ট্রান্সফরমার গার্ড স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় কৃষক, ডিপ অপারেটর এবং সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিএমডিএর আশা, সৌরবিদ্যুৎ, নেট মিটারিং ও ডিজিটাল সেচ ব্যবস্থাপনার সম্প্রসারণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে কৃষির উৎপাদন ব্যয় কমবে, সেচসেবা আরও সহজ হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে টেকসই কৃষি ও সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনায় বরেন্দ্র অঞ্চল একটি অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।