গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী ওরফে খোকনকে নিজ বাড়ি থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কালীগঞ্জে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন আশরাফী খোকন। পরে তিনি কাতারে চলে যান। সম্প্রতি দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এদিকে পুলিশের চলাচল পর্যবেক্ষণে বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলেও জানা গেছে।
তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শনিবার দুপুরে বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফী খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, আগামীকাল সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।