দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘জাতীয় স্বার্থ, বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত।
সভায় প্রধান অতিথি ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ভয়াবহতা ও জাতীয় স্বার্থ নিয়ে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ, লেখক ও গবেষক প্রকৌশলী মাহবুব সুমন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও গবেষক ড. মাহা মির্জা।
এ ছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মো. হামিদুল হক, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক জারজিস আহম্মেদ, আব্দুল কাইয়ুম আনসারী, এসএম নূরুজ্জামান জামান, সঞ্জিত প্রসাদ জিতু, শফিকুল ইসলাম শিকদার, কমল চক্রবর্তী, হিমেল মন্ডল ও আব্দুল মোত্তালেব পাপ্পুসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মতিতে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের ছয় দফা সমঝোতা চুক্তি হয়। তৎকালীন সরকার চুক্তির কিছু অংশ বাস্তবায়ন করলেও বাকি দাবিগুলো পূরণ হয়নি। বর্তমান সরকারের কাছে আন্দোলনকারীদের প্রত্যাশা ছিল, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। কিন্তু তা না করে আবারও উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ীতে কয়লাখনি করার উদ্যোগের ঘোষণায় স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, সমঝোতা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে সরকার যদি তাদের স্বার্থবিরোধী অবস্থান নেয়, তাহলে সেই উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও জনগণের দায়িত্ব। ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর মানুষ শুধু নিজেদের অঞ্চলকেই রক্ষা করেনি, গোটা দেশকে রক্ষা করেছে।
এশিয়া এনার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আনু মুহাম্মদ বলেন, এশিয়া এনার্জি বর্তমানে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) নামে ফুলবাড়ীর কয়লাখনির মালিকানা দাবি করে লন্ডনের শেয়ারবাজারে শেয়ার বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এই প্রতিষ্ঠানকে বিশ্বপ্রতারক উল্লেখ করে তিনি এর বিচার ও বাংলাদেশ থেকে বহিষ্কারের দাবি জানান।
তিনি আরও বলেন, মুনাফালোভীরা ফুলবাড়ীর কয়লা ও মুনাফা ছাড়া অন্য কিছু দেখতে পায় না। এ কারণেই তারা আবারও কয়লাখনি নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই তৎপরতা রুখতে অতীতের মতো আন্দোলন, সংগ্রাম ও প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।