অনলাইনে জাল টাকার নোট কেনাবেচার অভিযোগে কুড়িগ্রামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে প্রথমে জুলফিকার আলী (২৭) নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার নিজ বাড়ি থেকে নুর আলম (৩৮) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জুলফিকারের কাঁধে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে জাল নোটগুলো পাওয়া যায়। উদ্ধার করা টাকার মধ্যে ৫০০ টাকার ৩০০টি এবং ২০০ টাকার ১৩০টি নোট রয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতার জুলফিকার আলী কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে। অন্যদিকে নুর আলম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বাসসকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশের ধারণা, আটক দুজনের বাইরেও এ কারবারে আরও দুই থেকে তিনজন যুক্ত থাকতে পারেন। তাদের পরিচয় শনাক্ত এবং গ্রেফতারে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। জাল নোটের কারবারে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে।