শিক্ষার মূল লক্ষ্য শুধু ভালো ফল অর্জন নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা। শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, শিক্ষা তখনই প্রকৃত অর্থে সফল হবে, যখন তা একজন শিক্ষার্থীকে মানবিক, দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন মানুষ সুস্থ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হলে তার ইতিবাচক প্রভাব পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপর পড়ে। তাই পাঠ্যশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।
শিক্ষার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চলতি বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নত করা, স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করছে। যেসব এলাকায় এখনো স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়নি, সেসব এলাকাকেও এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো সমস্যা কিংবা অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়গুলো জানানো হলে নিজ অবস্থান থেকে সহযোগিতার চেষ্টা করবেন।
কুড়িগ্রাম ও লালমনিরহাটের ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের প্রয়োজনীয়তার কথা বলেন। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে স্বল্প সুদে ঋণসহ সরকারের বিভিন্ন সহযোগিতার বিষয়ও তুলে ধরেন।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিকে গৌরবের বিষয় উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘ এক শতাব্দীতে প্রতিষ্ঠানটি থেকে অসংখ্য শিক্ষিত মানুষ বের হয়েছেন। ভবিষ্যতেও শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করেন।