কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানী বিচের পাটকটেক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টার দিকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নেন। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।




