ঝালকাঠির নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই রাতে দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।