কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। শুক্রবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া।
শনিবার মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়। মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি। বিশাল মাছটি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
সাজু মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে চাহিদাও বেশি। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন। আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া জানান, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগাম অর্ডার দিয়ে তার কাছ থেকে বড় মাছ কেনেন। চাহিদা অনুযায়ী ব্রহ্মপুত্রের বিভিন্ন প্রজাতির বড় মাছ সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, এ সময়ে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগ প্রয়োজনীয় পরিকল্পনা নিচ্ছে।