মেহেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার। শুক্রবার রাতে মহাষষ্ঠীর দিন তিনি শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যান। সেখানে আয়োজিত আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বক্তব্য দেন তিনি।
শওকত আরা আক্তার বলেন, বিএনপি এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবেন। তার দাবি, বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান দিয়েছে। এ সময় তিনি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেন, দুর্গোৎসব ঘিরে কেউ যাতে ষড়যন্ত্র করে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সতর্ক থাকবেন। উৎসবের শেষ দিন পর্যন্ত তারা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন বলেও জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান ও জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জীত পাল বাপ্পি। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংসদ সদস্য শওকত আরা আক্তার ও অন্য নেতারা মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখেন।