বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমিতির সাধারণ সভায় ২০২৭-২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আগের কমিটিতে বাবুল হোসেন দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি প্রায় সাড়ে ১২ বছর ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এর আগে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাস করেন। জাতীয় পত্রিকায় বিভিন্ন বিষয়ে নিয়মিত কলামও লেখেন তিনি।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (সুমন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী)।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম পান্না, সহসভাপতি মোহাম্মদ আলী ও মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন খান, দপ্তর সম্পাদক ফরহাদ রহমান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সালমান সাদেকীন চয়ন, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান এবং ক্রীড়া সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম।
সমিতির বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে বিদায়ী নেতারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে ২০২০ সালে বাপাজসের যাত্রা শুরু হয়।