চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ছোট ভাইয়ের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়ম (৩)। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়। এর আগে রোববার একই অগ্নিকাণ্ডে মারা যায় তার দেড় বছর বয়সী ভাই আনাছ।
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের নাজির আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন দুই শিশুকে ঘুম পাড়িয়ে মা ঘরের বাইরে কাজে যান। বাবা ছিলেন অটোরিকশা চালাতে। এ সময় হঠাৎ বসতঘরে আগুন লাগে এবং মুহূর্তেই পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে।
আগুনে ঘটনাস্থলেই মারা যায় আনাছ। মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেলে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তারও মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।




