সীমান্তপথে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া বন্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৫ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের টহলদল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৩৯টি শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী এবং ৪৬৯টি প্রসাধনীসামগ্রী।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় এসব পণ্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্যের অবৈধ প্রবেশ ঠেকানোর পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে বিজিবি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থেকে চোরাচালানবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব তৎপরতার ফলে বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।