মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে দেওয়া হয়েছিল বৈদ্যুতিক সংযোগ। সেই সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যাওয়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌদার গ্রামের দলি ব্যাপারী বাড়ির হারুন অর রশিদ ওরফে হারু (৫০) এবং মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী আফরোজা (৪৫)। হারুন অর রশিদ সম্পর্কে সেকান্দর আলীর চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ চুরি ঠেকাতে মঙ্গলবার রাতে নিজের পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেন মাওলানা শায়েখ সেকান্দর আলী। তবে পরদিন সকালে তিনি ওই সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান। ফলে পুকুরের চারপাশে বিদ্যুতায়িত অবস্থায় থেকে যায় তারগুলো।
র সকালে আফরোজা পুকুরপাড়ে থাকা লাউগাছের মাচা থেকে লাউ সংগ্রহ করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তারে আটকে তাকে ছটফট করতে দেখে পাশে থাকা হারুন অর রশিদ তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাছ চুরি প্রতিরোধে পুকুরের চারপাশে বিপজ্জনকভাবে বিদ্যুতের সংযোগ দেওয়ার বিষয়টি নতুন করে নিরাপত্তার প্রশ্নও সামনে এনেছে।
ফুলবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউনুস বাসসকে জানান, নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।