দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র জানা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় তথ্যের গুরুত্ব তুলে ধরে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশবিষয়ক সেমিনার। জেলা প্রশাসন ও পরিসংখ্যান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় শুমারির তথ্য, ফলাফল এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর-রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতি ১০ বছর পরপর পরিচালিত অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের বিভিন্ন খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্নালাল রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মো. জহুরুল হক।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারির ফলাফল প্রকাশের পাশাপাশি সংগৃহীত তথ্যের গুরুত্ব এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।




