দীর্ঘদিনের দখল, দূষণ ও পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অস্তিত্বের সংকটে পড়েছে রংপুরের আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল।
এ দুই জলাধার পুনরুদ্ধারে কার্যকর পরিকল্পনা, সরকারি দপ্তরগুলোর সমন্বয় এবং প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি উঠে আসে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপল ও ডপস্ ফাউন্ডেশন যৌথভাবে সভাটির আয়োজন করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব। এছাড়া বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার সরকার।
সভায় নদী ও জলাধার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে মূল আলোচনা করেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। প্রকল্পের অগ্রগতি ও চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন প্রকৌশলী হাফিজুল হক। সভা পরিচালনা করেন বেলার রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।
আলোচনায় বক্তারা বলেন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল, বর্জ্য ফেলা এবং পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খালের পরিবেশগত অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এসব জলাধার রক্ষায় কেবল খননকাজ করলেই হবে না; সঠিক সীমানা নির্ধারণ, দখলমুক্ত করা, দূষণের উৎস বন্ধ এবং সারা বছর পানিপ্রবাহ বজায় রাখার ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, পুনরুদ্ধার কার্যক্রম সফল করতে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জরুরি। পাশাপাশি পরিকল্পনা গ্রহণের পর তা যথাযথভাবে বাস্তবায়ন এবং কাজের মান নিয়মিত তদারকি করতে হবে। নদী ও খালের পানি ধারণক্ষমতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেন বক্তারা।
সভায় জানানো হয়, শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে ১৪ কোটি টাকা এবং আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে এসব অর্থে কী ধরনের কাজ করা হবে, কতটুকু অংশ খনন বা পুনরুদ্ধার করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা সম্ভব হবে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানতে চান অংশগ্রহণকারীরা।
এ ছাড়া খালের অবৈধ দখল উচ্ছেদ, সীমানা চিহ্নিত করা এবং ভবিষ্যতে যাতে আবার দখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলা হয়। বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য এবং নর্দমার পানি খালে পড়া বন্ধ করতে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
সভা শেষে আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান এবং বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে সাত সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কমিটিটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।