জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। সভায় পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল কবীর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এন সালাউদ্দিন মঞ্জু, জেলা কমান্ড্যান্ট আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া উপজেলা প্রশাসন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মৎস্য, প্রাণিসম্পদ, নির্বাচন, পরিবেশ, সড়ক ও জনপথ, নিরাপদ খাদ্য, বিআরটিএ এবং বন বিভাগের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম এবং উন্নয়নকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে দপ্তরগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।