গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামপুরের উন্নয়ন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জামালপুরের ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ ই সুলতান মাহমুদ বাবু। মাদক, জুয়া, চুরি এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও প্রশাসনের নজরদারি বাড়াতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সকালে ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদ সভায় সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য বলেন, ইসলামপুরকে বিভিন্ন অপরাধ ও অনিয়ম থেকে মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাংবাদিকেরা তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো সামনে আনলে প্রশাসনের কার্যক্রমেও সহযোগিতা হবে। তিনি উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও চলমান অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।
প্রেসক্লাবের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সংগঠনের নির্বাচন নিয়ম মেনে ও সুষ্ঠুভাবে আয়োজন করা গুরুত্বপূর্ণ।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সহসভাপতি শহিদুর রহমান কাজল ও রহিমা সুলতানা মুকুল, সহসম্পাদক শাহিদুর রহমান, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল ও দপ্তর সম্পাদক হোসেন রানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, আজকের পত্রিকার প্রতিনিধি এম কে দোলন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহসাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সাবেক কার্যনির্বাহী সদস্য হোসেন শাহ ফকির এবং বাংলা টেলিভিশনের প্রতিনিধি লিয়াকত হোসেন লায়নসহ অন্য সাংবাদিকেরা সভায় অংশ নেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে রাজেশ কুমার গুরুদাস, হাসর আলী, মোতালেব, মফিজুল, পল্লব, সুমন, রকিব ও এমদাদও ছিলেন।
সভা শেষে সভাপতি মোরাদুজ্জামান মুরাদ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। তিনি আগামী নভেম্বর ২০২৬-এ প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন আয়োজনের কথা জানান এবং সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা চান।