নোয়াখালী সরকারি কলেজে দূর থেকে আগত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি ডাবল ডেকার (দোতলা) বাস চালু করা হয়েছে। এতে করে কলেজে পরিবহনে শিক্ষার্থীদের জন্য প্রথম বাসগুলো অঅন্তর্ভুক্ত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক উৎসবমূখর অনুষ্ঠানে প্রধান অতিথি নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আনুষ্ঠানিকভাবে দোতলা বাস দুইটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির । এসময় বিআরটসির কর্মকর্তা,কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। 
 কলেজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা লাঘবের জন্য তাদের দাবির পরিপ্রেক্ষিতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের সহযোগীতায় বিআরটিসি শিক্ষার্থীদের জন্য বাস দুটি বরাদ্দ দেয়। বাসের জ্বালানি খরচ বহন করবে কলেজ কর্তৃপক্ষ এবং প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বছরে ৬০০ টাকা করে যাতায়াত ফ্রি নেওয়া হবে ।