ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের জোড়দরগা এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার ও আগাছা অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।
এ সময় নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মাছুম আলী ও পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. আব্বাস আলী উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে একই এলাকায় সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জানান, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে। উপজেলা পর্যায়ের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হচ্ছে।
কর্মসূচিতে প্রশাসনের পাশাপাশি স্কাউটস, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট সোসাইটি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নিচ্ছেন। এতে সহযোগিতা করছে নীলফামারী পৌরসভা।




